নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর প্রায় ৪০০ পর্যটকের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ২৯১ জন বিদেশি নাগরিক। নিখোঁজদের বেশিরভাগই তিব্বতের কৈলাস মানস সরোবরের উদ্দেশে যাচ্ছিলেন বলে জানিয়েছে নেপাল ট্যুরিজম বোর্ড (এনটিবি)। এছাড়াও, এই ঘটনায় অন্তত ১৯ জনের নিহতের খবর পাওয়া গেছে এবং এই সংখ্যা আরও বাড়বে বলে জানা গেছে।
বুধবার (২৬ আগস্ট) বিবিসি নেপালিকে নেপাল ট্যুরিজম বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিকমত সিং আয়ার জানান, বিভিন্ন ট্যুর অপারেটরের কাছ থেকে নতুন নতুন তথ্য আসায় নিখোঁজ পর্যটকের সংখ্যা হালনাগাদ করা হচ্ছে। নিহতের সংখ্যাও আরো বাড়বে।
তিনি বলেন, তিব্বতগামী পর্যটকদের উদ্ধার ও পরিস্থিতি মোকাবিলায় কাজ করা ট্যুর অপারেটরদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজের সংখ্যা পরিবর্তিত হতে পারে।
নিখোঁজদের মধ্যে ১০০ জনের বেশি ভারতীয়, ১৭ জন মালয়েশীয়, ১২ জন ব্রিটিশ ও চারজন দক্ষিণ আফ্রিকার নাগরিক রয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের নাগরিকরাও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কটি তিব্বতের কৈলাস মানস সরোবরের পাশাপাশি নেপালের লাংটাং ন্যাশনাল পার্ক ও গোসাইকুণ্ডে যাওয়ার গুরুত্বপূর্ণ পথ হিসেবেও ব্যবহৃত হয়।
গোসাইকুণ্ড পাহাড়ের কোলে অবস্থিত একটি পবিত্র হ্রদ। আগামী শুক্রবার রক্ষাবন্ধন উৎসব উপলক্ষে সেখানে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রার্থনায় অংশ নিতে বহু মানুষ যাওয়ার কথা রয়েছে।
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় এরই মধ্যে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা জোরদার করেছে দেশটির কর্তৃপক্ষ।

0 Comments